ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যেখানে ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে এই হামলা চালানো হয়েছে।’ অন্যদিকে, এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, বাগদাদের একটি যোগাযোগ ভবনেও ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্রমতে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল, যা দেশটিতে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে।
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’ কর্তৃক চালানো ড্রোন হামলায় একজন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, এই ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হামলার পেছনে কারা জড়িত, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 





















