ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতকে কড়া ভাষায় সতর্ক করেছে যে, কৌশলগত হরমুজ প্রণালির কাছে উপসাগরে অবস্থিত দুটি বিতর্কিত দ্বীপে তাদের ভূখণ্ড থেকে কোনো ধরনের হামলার অনুমতি দেওয়া যাবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে ইরান সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে তীব্র প্রতিশোধমূলক হামলা চালাবে বলে ঘোষণা করা হয়েছে।
তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে, ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করছি যে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের আবু মুসা ও গ্রেটার তুনব দ্বীপের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড থেকে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে তীব্র হামলা চালাবে।’
আবু মুসা ও গ্রেটার তুনব দ্বীপসমূহ দীর্ঘদিন ধরে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধের কারণ হয়ে আছে। বর্তমানে দ্বীপগুলো ইরানের নিয়ন্ত্রণে থাকলেও, সংযুক্ত আরব আমিরাত এগুলোর মালিকানা দাবি করে আসছে। এই দ্বীপগুলো হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে অবস্থিত, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের প্রধান পথ।
সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধের কারণে সামুদ্রিক চলাচল ব্যাহত হয়েছে। ইরান অভিযোগ করেছে যে, উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে আক্রমণ চালানোর অনুমতি দিচ্ছে। যুদ্ধ চলাকালীন ইরান এসব দেশে ‘মার্কিন স্বার্থ’ হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
রিপোর্টারের নাম 






















