আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের নির্বাচনি প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছেন তার সমর্থেকরা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনি পরিবেশের দাবি জানিয়েছেন এই প্রার্থী।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রায়হানের বাড়ি উপজেলা সদরের এমপিডাঙ্গী এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।
এ সময় রায়হান জামিল জানান, ফরিদপুর-৪ (চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে এসব ভাঙচুরের ঘটনা ঘটে।
তিনি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘বিগত নির্বাচনে এই আসনে বাইরে থেকে লোক এসে এমপি হয়েছেন। তারা কেউ এলাকার সন্তান না, কিন্তু আমি এই এলাকার সন্তান হওয়ার পরেও গত কয়েকদিন ধরে দুষ্কৃতকারীরা আমার গেট ভাঙচুর ও ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আজ ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে।’
রায়হান জামিল জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টারের নাম 

























