নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেনকে (৪০) শ্বাসরোধে হত্যার দায়ে এক নারীসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বড়াইগ্রাম উপজেলার ইকোরি গ্রামের আসাদুল ইসলাম (৩৫), গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের রশিদ প্রামানিক (৪২), একই এলাকার আরিফা খাতুন (৩০) এবং জিহাদ আলী (৩৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ১৫ জুন বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের বেড়ী বিলে একটি পাটক্ষেতের আইলে মোবারক হোসেনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন মোবারক আলীর স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম ঘটনার সাক্ষীদের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম, রশিদ প্রামানিক, আরিফা খাতুন ও জিহাদকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরকীয়ার জেরে মোবারক হোসেনকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষী গ্রহণ শেষে আদালত উল্লেখিত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
রিপোর্টারের নাম 






















