ইউরোপীয় ট্রান্সফার মার্কেটে বড় ধরনের চমক সৃষ্টির লক্ষ্যে ক্লাব ট্রাবজোনস্পোর মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। লিভারপুলের সাবেক এই মিসরীয় ফরোয়ার্ডকে পেতে তুর্কি ক্লাবটি উঠেপড়ে লেগেছে। এর আগে আরেক তুর্কি ক্লাব বেসিকতাস সালাহর সঙ্গে চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্রাবজোনস্পোর অবিশ্বাস্য আর্থিক প্রস্তাব দিয়ে দলবদলের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।
তুর্কি ক্রীড়া সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলু জানিয়েছেন, বেসিকতাসের হাত থেকে সালাহকে ছিনিয়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। ক্লাবটির কর্তৃপক্ষ এরই মধ্যে সালাহর সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সালাহ রাজি হলে তিনি দুই বছরের জন্য প্রতি বছর এক কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন। এর বিপরীতে বেসিকতাস এক বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করেছিল। ট্রাবজোনস্পোরের প্রস্তাবিত অংক বছরে ৭০ লাখ ইউরো বেশি।
গত ১ জুলাই লিভারপুলের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রি এজেন্ট হয়েছেন সালাহ। ফলে তাকে দলে ভেড়াতে কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। যদিও কিছুদিন আগে সৌদি প্রো লিগে তার যোগদানের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি ইউরোপীয় ফুটবলেই থেকে যাচ্ছেন বলে জানা গেছে।
সালাহ পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ট্রাবজোনস্পোরের সঙ্গে তার জার্সি বিক্রির লভ্যাংশ নিয়েও চূড়ান্ত সমঝোতা হবে। সালাহ ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চাইছেন এবং উভয় পক্ষই এ বিষয়ে ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই তুর্কি সুপার লিগে সালাহর নতুন অধ্যায় শুরু হতে পারে।
রিপোর্টারের নাম 






















