বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অ্যান্টিবায়োটিক ভেবে ভুলবশত এনেসথেসিয়ার ইনজেকশন পুশ করায় দুই নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্ত নার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
গত রবিবার সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চতুর্থ তলার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর এলাকার হেলেনা (৪৫)। তারা দুজনই এক সপ্তাহ আগে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেফালীর গালে টিউমার জাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যা ছিল। রবিবার তাদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার অ্যান্টিবায়োটিক মনে করে ভুলবশত ‘নরকিউ (NorQ)’ নামের একটি এনেসথেসিয়া ইনজেকশন তাদের শরীরে পুশ করেন।
রোগীর স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তারা মারা যান। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সেবিকারা রোগীর মৃত্যুর দায় এড়ানোর চেষ্টা করলেও, ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে অভিযুক্ত সেবিকা মলিনা রানী হালদার নিজের ভুল স্বীকার করেন। তিনি জানান, সারারাত ডিউটি করার পর সকালে কেন এমন ভুল করলেন, তা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না।
হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর জানান, নিহত দুই রোগীর ওই দিনই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে।
রিপোর্টারের নাম 






















