জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুততম সময়ে শেষ করার দাবি জানিয়েছেন। রোববার জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে এমপি হিসেবে তার প্রথম বক্তব্যেই তিনি এই গুরুত্বপূর্ণ দাবিটি উত্থাপন করেন।
সংসদ সদস্য গউছ তার বক্তব্যে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সিলেট থেকে ঢাকা আসার পথে শায়েস্তাগঞ্জে এক জনসভায় বলেছিলেন যে, এই মহাসড়কের কাজটি দ্রুত শেষ করা হবে। তাই তিনি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কাজটি ত্বরান্বিত করার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, সিলেট বিভাগে প্রায় সোয়া কোটি মানুষের বসবাস, যাদের সড়কপথে ঢাকা যাতায়াত করতে হয়। গত নির্বাচন পরিচালনার সময় প্রধানমন্ত্রী নিজে ছোট একটি বাসে করে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন, ফলে তিনি সড়কের বেহাল অবস্থা নিজ চোখে উপলব্ধি করতে পেরেছিলেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ তার আট মিনিটের নির্ধারিত বক্তব্যের বেশিরভাগ অংশই ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের উন্নয়ন কাজ নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ শুরু হয় এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, বিভিন্ন কারণে কাজের গতি ধীর হওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে ৮টি ফ্লাইওভার, ২২টি ওভারপাস, ৫টি রেলওভারপাস, ৬৯টি সেতু, ১০টি আন্ডারপাস, ৩টি ইন্টারচেঞ্জ এবং ২৯টি এডিবি’র কাঠামো থাকবে। প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কাজটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়ন করছে এবং চায়না ও দেশীয় প্রতিষ্ঠান যৌথভাবে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
রিপোর্টারের নাম 























