কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু দায়িত্ব গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানানো হয়। এসময় তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কুসিক প্রশাসক পদে যোগদানের পরই ইউসুফ মোল্লা টিপু এই শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে একই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকবৃন্দও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শনিবার কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে পরিচিত। ২০২০ সালের করোনাকালীন সময়ে তার প্রতিষ্ঠিত এই সংগঠনটি ৪৭৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির দাফন সম্পন্ন করে দেশজুড়ে প্রশংসিত হয়েছিল।
রিপোর্টারের নাম 























