সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে বিয়ের মাত্র এগারো দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হয়েছেন। ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় নববধূর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ নববধূর নাম জয়া দাস (২০)। তিনি জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে। ঘটনাটি গত শুক্রবারের এবং শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয়েছিল মাত্র এগারো দিন আগে। নবদম্পতি বিয়ের পর বেড়াতে সুনামগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জামাইপাড়ায় স্বামীর কাকার বাড়িতে এসেছিলেন। সেখান থেকেই শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার প্রশাসনের দ্রুত সহায়তা কামনা করে বলেন, “পুলিশি সহায়তার মাধ্যমে দ্রুত আমার স্ত্রী জয়া দাসকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি।” একই সঙ্গে তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কেউ জয়া দাসের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ জানিয়েছেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। নববধূকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 
























