হরমুজ প্রণালি কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ, বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত—এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
আরাগচি স্পষ্ট করেন যে, অন্য দেশের জাহাজগুলোর প্রণালি পারাপারে কোনো বাধা নেই। তবে ‘নিরাপত্তা উদ্বেগে’ অনেক দেশই তা করছে না, যার জন্য ইরানের কিছু করার নেই বলে তিনি জানান। বর্তমানে অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের দাবি, ‘হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি উদ্যোগে’ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি আহত এবং সম্ভবত বিকলাঙ্গ হয়ে গেছেন। এই দাবির কড়া জবাব দিয়েছেন আরাগচি।
আরাগচি বলেন, ‘সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী দায়িত্বপালন করে চলেছেন, যা অব্যাহত থাকবে।’ তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। যেকোনো ব্যক্তিকে হারালেও তার শূন্যস্থান পূরণ করার জন্য ব্যবস্থা রয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণে আছে।
রিপোর্টারের নাম 






















