কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নতুন প্রশাসক হিসেবে ইউসুফ মোল্লা টিপুর নিয়োগ পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পোস্টে টিপুকে অভিনন্দন জানিয়ে ব্যাপক প্রশংসা করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আসিফ আকবর তার পোস্টে ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “টিপুকে আমি সব সময় বলেছি কুমিল্লা বিএনপির ভবিষ্যৎ কান্ডারি তুমি, তোমার নেতৃত্বেই ভরসা রাখি। আশা করি কুমিল্লা মহানগর এবং জেলা ছাড়িয়ে ইউসুফ মোল্লা টিপু একদিন জাতীয় রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আলো ছড়াবে।”
আসিফ টিপুকে প্রয়াত ছাত্রদল নেতা মফিজুর রহমান ডিলনের ‘পারফেক্ট উত্তরাধিকার’ বলেও অভিহিত করেন। তিনি বলেন, “ছাত্রনেতা থেকে রাজনীতিক। প্রয়াত ছাত্রদল নেতা মফিজুর রহমান ডিলন ভাইকে আমরা পেয়েছিলাম কলেজ জীবনে। তারপর কুমিল্লা শহরে ছাত্রদল থেকে ক্যারিশমেটিক কোনো ছাত্রনেতা আসেনি। টিপু হচ্ছে ডিলন ভাইয়ের পারফেক্ট উত্তরাধিকার।”
টিপুর মানবিক কাজের প্রশংসা করে আসিফ আরও লেখেন, “করোনা মহামারিকালে টিপুর মানবিক সংগঠন বিবেক-এর মাধ্যমে মৃত মানুষের লাশ দাফন এবং সৎকার করে সে বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসিক দৃঢ়তা আর বিবেকবোধের অসাধারন সামঞ্জস্য টিপুর অনন্য গুণাবলীর মধ্যে অন্যতম।” আসিফ টিপুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে অভিনন্দন জানান এবং এই নিয়োগের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 





















