মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার সরাসরি হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যদি তিনি এখনো জীবিত থাকেন, ‘তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব।’ এই হুমকির পর নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা ছড়িয়েছে।
গত ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ২৮ ফেব্রুয়ারির পর তার প্রথম জনসম্মুখে উপস্থিতি ছিল। ভিডিওটিতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে দাবি করে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা।
ওই ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি দেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি তৈরি করছি, যাতে এই শাসনব্যবস্থার পতন ঘটে। তবে নিশ্চিত করে বলতে পারি না যে ইরানের জনগণই শেষ পর্যন্ত তা ঘটাবে।’
মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস উইংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘বিবি কোথায়?’—নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহুর কার্যালয় ভিডিওটি এআই দিয়ে তৈরি করে প্রকাশ করছে এবং তা আবার মুছে দিচ্ছে।
তবে এসব গুজব নাকচ করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সুস্থ আছেন। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’ তবে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।
রিপোর্টারের নাম 

























