যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আগ্রাসনের নেপথ্যে ধর্মীয় বিশ্বাস নাকি আন্তর্জাতিক পেট্রোলিয়াম রাজনীতির প্রভাব, এই প্রশ্নটি বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতে ধর্ম এবং পেট্রোলিয়াম রাজনীতি উভয়ই ওতপ্রোতভাবে জড়িত। এর সঠিক উত্তর খুঁজতে হলে অন্তত সাড়ে ৩ হাজার বছরের পুরনো ইতিহাস পর্যালোচনা করা জরুরি। কারণ, বর্তমানে চলমান ইরান যুদ্ধ জেরুসালেমকে ঘিরে কয়েকশ বছরের ক্রুসেডসহ কয়েক হাজার বছরের সংঘাত থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
আজকের ইসরায়েল রাষ্ট্র তথা ফিলিস্তিনকে ঘিরে হাজার হাজার বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ, বিভিন্ন সাম্রাজ্য ও সভ্যতার উত্থান-পতনের ঘটনা ঘটেছে। ফিলিস্তিন ঘিরে অতীতের সেই দীর্ঘ সংঘাতের ধারাবাহিকতাতেই আজকের ইরান আগ্রাসনের ঘটনা ঘটছে। পবিত্র কোরআনে সুরা বনি ইসরাইলে ফিলিস্তিনে দুবার ভয়াবহ হত্যাযজ্ঞের কথা উল্লেখ আছে, যা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান ইরান আগ্রাসনকে কোনো অবস্থাতেই ধর্ম বা ধর্মযুদ্ধ থেকে আলাদা করার উপায় রাখে না।
বর্তমান ইসরায়েল-ফিলিস্তিন নামক ভূখণ্ডই ছিল হজরত ইবরাহিমসহ কোরআনে বর্ণিত অনেক নবী ও রাসুলের বিচরণ ক্ষেত্র। এখানেই জন্ম হজরত ঈসার (আ.)। ইহুদি ও খ্রিষ্টানদের বিশ্বাস মতে, এখানেই তাকে শূলে চড়ানো হয়েছিল। এটিই ইহুদি ও খ্রিষ্টানদের তীর্থ স্থান এবং এখানেই ইহুদি ও খ্রিষ্টধর্মের উদ্ভব ঘটে। মুসলমানদের প্রথম কিবলা ছিল এটিই। শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মিরাজ প্রসঙ্গে কোরআনে এক রাতে মক্কা থেকে জেরুসালেম গমনের কথা উল্লেখ আছে। এই জেরুসালেমকে ঘিরেই খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে শত শত বছর ধরে ধর্মযুদ্ধ চলেছে।
তাছাড়া, বর্তমান ইরান সরকার হলো ১৯৭৯ সালে ইমাম খোমেনির নেতৃত্বে সংঘটিত ইসলামি বিপ্লবের ধারাবাহিক সরকার। ইরানে ইসলামি বিপ্লবের শুরু থেকেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরবের কোনো কোনো রাজ পরিবার একে ধ্বংস ও প্রতিহত করার ষড়যন্ত্র এবং চেষ্টা শুরু করে। সর্বশেষ গত ডিসেম্বর থেকে ইরানে যখন সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিরোধীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের এবং তাদের সাহায্যেরও আশ্বাস দেন। বর্তমানে ইরান আগ্রাসনের অন্যতম লক্ষ্য হলো ইরানে ইসলামি বিপ্লবের ধারাবাহিক সরকারের পতন ঘটিয়ে সেখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করা। সুতরাং, বহুভাবে এই যুদ্ধের সঙ্গে ধর্মীয়, ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িত।
রিপোর্টারের নাম 

























