ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরানিদের রক্তের প্রতিশোধ নিতে তাঁর দেশ বিন্দুমাত্র দ্বিধা করবে না। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া প্রথম বার্তায় তিনি এই কথা বলেন।
মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করেন, যেখানে ১৬৮ জন নিহত হয়েছিল, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু। এই হামলার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
হরমুজ প্রণালিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন মুজতাবা খামেনি। একইসঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বললেও, তিনি তাদের নিজ নিজ দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। অন্যথায়, ইরান ওই ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে বলে তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর আলি খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং ৩৭ বছর ধরে দেশটির নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
রিপোর্টারের নাম 























