হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পর তাকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, যদি ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে যুক্তরাষ্ট্র ‘মৃত্যু, আগুন এবং ক্রোধ’ দিয়ে এর জবাব দেবে।
ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, অথবা যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগের পথ হয়ে উঠবে।” লারিজানি ফার্সি, ইংরেজি, রুশ, আরবি, ফরাসি ও চীনা—মোট ছয়টি ভাষায় একই বার্তা প্রকাশ করে তার সতর্কবার্তার গুরুত্ব তুলে ধরেন।
এর আগে সোমবার আরও এক বিবৃতিতে লারিজানি পুনরায় সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রাখে, তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে।
এদিকে লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে ফ্রান্স দুটি ফ্রিগেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সংবাদ প্রকাশিত হলে তাতেও প্রতিক্রিয়া জানান লারিজানি। তিনি বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রজ্বলিত সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, “বিশেষ করে যখন এমন পক্ষগুলো জড়িত থাকে, যারা এই যুদ্ধকে সমর্থন করেছে এবং এর উত্তেজনা বাড়াতে ভূমিকা রেখেছে।”
রিপোর্টারের নাম 
























