মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করানোর জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার—এমন ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেন, এই ধরনের অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা নয়। তিনি স্বীকার করেন যে, অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তবে, আনুষ্ঠানিক অভিযোগ না আসলে ব্যবস্থা নেওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকে না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, তিনি এই বিষয়ে (সাইমুমের বিরুদ্ধে) তদন্ত করবেন এবং ৫ আগস্টের পরে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সব বিষয় খতিয়ে দেখবেন। কোনো অনিয়ম পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রয়োজনে তিনি সাবেক চিফ প্রসিকিউটরের সঙ্গেও কথা বলবেন। প্রসিকিউটররা বৈঠকে বসে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতির সঙ্গে সামান্যতম সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘুষ চাওয়ার মতো ঘটনা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কিনা—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এই ধরনের ঘটনা ঘটলে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে, ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং বিচারপ্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়।
রিপোর্টারের নাম 
























