গতকাল রাতে মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেনের পক্ষ থেকে চার শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কো অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল। মেয়র সোবিয়ানিনের ভাষ্যমতে, বেশিরভাগ ড্রোনই মস্কোর কাছাকাছি পৌঁছানোর আগেই দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর হাতে ধ্বংস হয়েছে। তিনি আরও জানান, প্রায় ৮৫টি ড্রোন মস্কো পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর চলমান রুশ হামলার প্রতিক্রিয়ায় এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো অঞ্চলে একটি বিস্ফোরণে তিন বিদেশি নাগরিকসহ মোট ছয়জন আহত হয়েছেন। ডোমোদেদোভো হাসপাতালের বরাত দিয়ে তাস আরও জানায়, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক। তবে, এই বিস্ফোরণটি সরাসরি ড্রোন হামলার সাথে সম্পর্কিত কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ডোমোদেদোভো মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি মস্কোর অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত।
রিপোর্টারের নাম 

























