মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ দিনে মোট ৩৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে শুধু সোমবারই ৩৩টি ফ্লাইট বাতিল হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। রোববার ২৬টি এবং সোমবার ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত, এয়ার অ্যারাবিয়া (শারজাহ), গালফ এয়ার (বাহরাইন), কাতার এয়ারওয়েজ (কাতার), এমিরেটস এয়ারলাইনস (ইউএই), জাজিরা (কুয়েত), ফ্লাইদুবাই (ইউএই), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট ছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের ফ্লাইট স্থগিত রেখেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে এই রুটগুলোতে ফ্লাইট পুনরায় চালু করা হবে।
রিপোর্টারের নাম 
























