বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায় সংস্থাটির কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। একইসাথে, শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও জ্বালানি ব্যবহার ২০ শতাংশ কমানোর কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে সংস্থার ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের উদ্দেশ্যে এই দপ্তর আদেশ জারি করা হয়। নির্দেশনায় ব্যক্তিগত ও দাপ্তরিক উভয় ক্ষেত্রেই গাড়ির ব্যবহার সীমিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলা হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে। এক্ষেত্রে জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া, অফিসের বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। অফিস চলাকালীন ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন ছাড়া চালানো যাবে না।
ডিএসসিসি-এর নির্দেশনায় আরও বলা হয়েছে, এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করার পাশাপাশি অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া, সব ধরনের আলোকসজ্জা পরিহার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এই দপ্তর আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























