আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচ দিন ছুটির ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, ঈদের ছুটি আসন্ন হলেও অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। কিছু প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্কা না করে নামমাত্র বেতন দিলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।
বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে। অন্যথায়, ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতিমধ্যে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে গত বছরের ন্যায় ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























