জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিপি)-এর আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই কারচুপি হতে দেওয়া হবে না। রোববার বরিশালে এনডিপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট কারচুপি, ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। যদি ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয় এবং সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তবে নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদের আবারো রাস্তায় নামতে হবে।’ এসময় তিনি বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলারও পরিবেশ নেই। নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তিনি একে ‘আওয়ামী স্টাইল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন এমপি প্রার্থীকে বিভিন্নভাবে পরাজিত করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণ ও নাগরিকরা হ্যাঁ ভোট দিয়েছে, তারা সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সংস্কার না করার জন্য নানা ফন্দি করা হচ্ছে।
এনডিপি-এর বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এনডিপি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের চেষ্টা চলছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তবে ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে।” ইফতার মাহফিলে এনডিপি-এর জেলা আহবায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি, এনডিপি-এর মহানগর নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























