চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন (৪৫)। এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।
পেশায় কৃষক জাকির হোসেনের তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে কয়েকজন যুবক তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। এর প্রতিবাদে জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন।
এই অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেনের ওপর হামলা চালায় বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জাকির হোসেনের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেনের ছেলে ফাইম মিয়াজী (২৪), আইনুল কবির ফটিকের ছেলে মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত এবং মহসিন শিকদারের ছেলে রিয়াদসহ আরও ১০ থেকে ১৫ জন এই হামলায় জড়িত ছিল। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, আহত অবস্থায় জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























