সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী ওবায়দুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৯ সালে ওবায়দুল ইসলামের সঙ্গে পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওবায়দুল তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ওবায়দুল ইসলাম তার মরদেহ ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় নিহত শারিমনের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম, তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমসহ চারজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ওবায়দুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেন।
রিপোর্টারের নাম 

























