পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুল আগামী ৯ মার্চ থেকে সরকার ঘোষিত ছুটির শেষ দিন পর্যন্ত বন্ধ থাকবে। তবে, এসব বিদ্যালয়ে পূর্বনির্ধারিত আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
রবিবার একটি গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে জনদুর্ভোগ লাঘব এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে, স্কুল বন্ধ রাখার পাশাপাশি আরও কিছু বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সহ সকল প্রকার কোচিং সেন্টারের সকল কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রিপোর্টারের নাম 

























