নওগাঁর মহাদেবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের কাছে দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন ও জোনাকি দম্পতির ছেলে তন্ময় হোসেন নওহাটা মোড়ের পূর্ব পাশে ওহাব চালকলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় নওগাঁর দিক থেকে আসা ‘বিআর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তন্ময়ের আত্মীয় আব্দুর রশিদ জানান, পারিবারিকভাবে দ্বিমত থাকা সত্ত্বেও বিয়ে করার পর পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় তন্ময় তার স্ত্রীকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে তিনি নওহাটা মোড়ের পাশে একটি বাসা থেকে তার কাজের যন্ত্রপাতি আনতে যাচ্ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 





















