দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিএনপির শীর্ষ নেতৃত্বকে দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, যদি জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণ ধরে নেবে এসব কর্মকাণ্ডে বিএনপির পরোক্ষ ইন্ধন রয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজে হামলার ঘটনাগুলোর উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো হেলমেট ও দেশীয় অস্ত্র ব্যবহারের কৌশল এখন পুনরায় দেখা যাচ্ছে। ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, অধ্যক্ষ হামলাকারীদের নিবৃত্ত করতে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়।
জামায়াত আমির জোর দিয়ে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উচিত কেবল বক্তব্য দেওয়ায় সীমাবদ্ধ না থেকে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। তিনি হাসপাতালেও আহতদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, একজন আহত শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা স্ত্রীও হামলার শিকার হয়েছেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস দমনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে হবে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হামলার শিকারদের বিরুদ্ধে মামলা দেওয়া হলে জনগণ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। আহত আলিফের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁকে দেখতে গেলেও সরকারি দলের পক্ষ থেকে এখনো কেউ যাননি। তিনি স্মরণ করিয়ে দেন, সরকার কোনো দলের নয়, জনগণের।
ডা. শফিকুর রহমান দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে সরকারের প্রতি জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে না নিয়ে এসব সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















