গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বাজার বসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সড়ক দখলমুক্ত করার দাবি জানান এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
‘অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সড়ক দখল, যানজট এবং ব্যাপক জনভোগান্তির বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহ-সভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ এবং এস এম জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, একটি মহল অবৈধভাবে মহাসড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী বাজার পরিচালনা করছে। এর ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যা পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, মাওনা চৌরাস্তা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানে সড়ক দখল পরিস্থিতি পুরো অঞ্চলের যান চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে এবং অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
রিপোর্টারের নাম 




















