দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়াতে গাজীপুরের টঙ্গীতে খুব শিগগির ৫০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প শুরু হতে যাচ্ছে। এর আওতায় নির্মিত হবে একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং প্রশিক্ষকদের জন্য একটি অত্যাধুনিক আবাসিক ভবন। মঙ্গলবার টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই ঘোষণা দেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে এই কেন্দ্রে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যা দেশের দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে।
বেলা সাড়ে ১১টায় টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 




















