নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা। সরকারের জারি করা এক নীতিমালার ফলে দেশজুড়ে প্রায় ৪৪ হাজার বিক্রেতার সনদ স্থগিত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। মঙ্গলবার দুপুরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর প্রকাশিত নতুন নীতিমালার কারণে সরকার অনুমোদিত প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে তাদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।
সংগঠনের জেলা সভাপতি নীল মিয়া আকাশ বলেন, দেশের হাজার হাজার খুচরা সার বিক্রেতা ব্যাংক ঋণ ও দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। সার বিক্রি বন্ধের নির্দেশ কার্যকর হলে তারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে পথে বসবেন। তিনি অভিযোগ করেন, নতুন নীতিমালাটি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি চরম বৈষম্যমূলক।
খুচরা সার বিক্রেতা সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি রইসুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী, মানিক মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে নতুন নীতিমালা সংশোধন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























