বাগেরহাটের মোংলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলার বুড়িরডাংগা ইউনিয়নের চ্যালাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মনোজশীল (৪৭) বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা মনোজশীলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মনোজশীলের অভিযোগ, বুড়িরডাংগা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি রায়ের নেতৃত্বে তার দুই-তিনজন সহযোগী মনোজশীলের ১০ কাঠার একটি ঘের দখল করতে আসেন। এ সময় তিনি বাধা দিলে অতর্কিত হামলার শিকার হন। মনোজশীল আরও দাবি করেন, হামলার পর অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে যায়। তাদের অপরাধ তারা বিএনপি করেন এবং আগামী ৫ তারিখের একটি ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
তবে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবি রায় এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন যে, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর রহমান শাহীন বলেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















