দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সম্প্রতি ১৮৮টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।
১৪ থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে সার্ভেয়ার, সিকিউরিটি সুপারভাইজার, ইঞ্জিন চালক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)।
পদের বিবরণ ও যোগ্যতা:
১. সার্ভেয়ার: পদসংখ্যা ৯টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
২. সিকিউরিটি সুপারভাইজার: পদসংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ফায়ার সার্ভিস থেকে যেকোনো অফিসার্স বা অগ্নিনির্বাপণ–সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনস্কেল: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৩. ইঞ্জিন চালক: পদসংখ্যা ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বেতনস্কেল: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: পদসংখ্যা ৫২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনস্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড): পদসংখ্যা ১০৭টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়সসীমা ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলী ও ফি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা ফি প্রযোজ্য। আবেদন ফি অবশ্যই আবেদন দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১ মার্চ ২০২৬, বিকাল ৫টা।
নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা, বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো পরিবর্তন/সংশোধন এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























