বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনায় নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সমর্থকদের এসব ভিত্তিহীন প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে নিজ এলাকায় সমর্থকদের সঙ্গে সময় কাটানোর সময় মেদিনা স্পষ্ট করেন যে, ফাইনালের পর আর্জেন্টিনার ড্রেসিং রুম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও দাবিগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘অর্থহীন কথায় বিশ্বাস করবেন না। আপনারা ছবি ও ভিডিওতে দেখেছেন, আমরা পুরো সময়টাই ঐক্যবদ্ধ ছিলাম। তাই গুজব ছড়ানো এসব গল্পে কান দেবেন না।’
২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ফাইনালসহ পাঁচটি ম্যাচ খেলেছেন মেদিনা। শিরোপা হারানোর কষ্ট স্বীকার করলেও তিনি মনে করিয়ে দেন যে, ফুটবল জীবনের সবকিছু নয়। তিনি আরও যোগ করেন, ‘একটি ফুটবল ম্যাচের চেয়েও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সবচেয়ে আগে প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া।’
ফাইনালের পর আর্জেন্টিনা দলের সব সদস্য একসঙ্গে দেশে ফেরেননি, যা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে মেদিনা বলেন, দলের সবাই একই রকম হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেই কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই সমান কষ্টে আছি। সে কারণেই কয়েকজন তখনই দেশে ফেরেনি। আমরা ভীষণ হতাশ ছিলাম। কিন্তু এটাও সত্য, শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ। জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’
মেদিনার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তার বন্ধু ও রিভার প্লেট ফরোয়ার্ড ফ্লাকো লোপেজ। তিনি বলেন, পরিচিত মানুষদের মাঝে ফিরে আসা এবং সবার সঙ্গে কিছুটা সময় কাটানো কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করছে। তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগের কষ্টটা আজ কিছুটা হলেও ভুলতে পারছি। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর্জেন্টাইন হতে পারাটাই আমাদের গর্ব।’
রিপোর্টারের নাম 
























