ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মশার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে। মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না জানিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। রোববার থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে শুরু হচ্ছে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’।
আজ নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় প্রশাসক এই ঘোষণা দেন। সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এই বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় প্রশাসক মো. আব্দুস সালাম স্পষ্ট জানিয়ে দেন, মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে ডিএসসিসির অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন এবং সার্বক্ষণিক তদারকি করবেন।
মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণ, সঠিক পদ্ধতি অনুসরণ এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকির ওপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয় এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার থেকে শুরু হতে যাওয়া ১০ দিনের এই বিশেষ ‘ক্রাশ প্রোগ্রামে’ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ডিএসসিসির প্রতিটি অঞ্চলে এই কর্মসূচি পর্যায়ক্রমে পরিচালিত হবে।
সভায় মশক কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি বর্তমান ওষুধের বিকল্প হিসেবে নতুন ও কার্যকর ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সরকারি বা বেসরকারি যে কোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।
উক্ত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কর্পোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























