ক্রিকেটের তীর্থস্থান হিসেবে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আবারও টেস্ট খেলতে নামবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক এই ভেন্যুতে একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুরুষ ও নারী দলের ২০২৭ সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সূচি অনুযায়ী, পুরুষ দলের সফরে থাকছে একটি মাত্র টেস্ট। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও লর্ডসে খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৫ ও ২০১০ সালে এই মাঠে দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। সবশেষ লর্ডসে মাঠে নামার ১৭ বছর পর আবারও সেই ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের মতো তারকারা।
অন্যদিকে, আগামী বছরের সেপ্টেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। এরপর ১০ সেপ্টেম্বর টন্টনে এবং ১২ সেপ্টেম্বর উরস্টারে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ১৭ সেপ্টেম্বর ব্রাইটনে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরি এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।
একই সফরে বাংলাদেশ পুরুষ দলের জন্য লর্ডস টেস্ট এবং নারী দলের জন্য ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সীমিত ওভারের সিরিজ—উভয় দলই একটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সফরের অপেক্ষায় রয়েছে।
রিপোর্টারের নাম 

























