ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে হাফেজ নিয়ামুল হোসাইন পরিচালক এবং শিল্পী মোরশেদুল ইসলাম সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের অঙ্গীকার নিয়ে গঠিত এই নতুন নেতৃত্ব আগামী এক বছর সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
শুক্রবার রাজধানীর মগবাজারে সাইমুমের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশে অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সুস্থ সংস্কৃতির বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের সাংগঠনিক ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সাইমুমের কর্মীরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে সময়ের চাহিদাপূরণে এবং জাতির প্রত্যাশা অনুযায়ী সংগঠনকে আরও সুপরিকল্পিত ও বেগবান করতে হবে। তিনি নতুন দায়িত্বশীলদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পরিচালক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, সাইমুম কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি পবিত্র সাংস্কৃতিক আন্দোলনের নাম। এই আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করতে হবে। সাবেক পরিচালকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাইমুম সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়েজিদ মাহমুদ, আব্দুল্লাহিল কাফি, হুসনে মোবারক, নাট্যকার এবিএম নোমান আজাদ, শিল্পী আবু রায়হান ও শিল্পী আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাইমুমের বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, নবগঠিত কমিটি আগামী এক বছর বিভিন্ন সৃজনশীল উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
রিপোর্টারের নাম 
























