ভারতে চলমান নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের ইস্যুতে আন্দোলনকারী গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) নেতাদের আবারও আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা। তবে সিজেপি দ্বিতীয় দিনের মতো নড্ডার বাসভবনে গিয়ে আলোচনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, সরকারের সাথে যেকোনো আলোচনা অবশ্যই নিরপেক্ষ কোনো স্থানে হতে হবে।
যন্তর মন্তরে আন্দোলনরত সিজেপি-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করে বলেন, “আমরা কারও বাড়ি বা কার্যালয়ে যেতে রাজি নই। জনগণের আদালত এখানেই (যন্তর মন্তরে)। মন্ত্রীদের জনগণের কাছে আসতে হবে। তারা যদি কথা বলতে চান, তবে যন্তর মন্তরে এসেই বলতে হবে।”
সিজেপি আরও জানিয়েছে যে, তারা আলোচনার জন্য প্রস্তুত এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগ থাকলে যন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ জায়গায় বৈঠক করার বিষয়টি বিবেচনা করতে পারে। এই আন্দোলন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















