জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে এবার ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলেছেন জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
তাকরিম আহমেদের অভিযোগ অনুযায়ী, একটি পূর্ববর্তী ঘটনার মীমাংসা প্রসঙ্গে ছাত্রশিবিরের দুই নেতার বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় তিনি এই মিথ্যাচারের অভিযোগ এনেছেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “Abdul Alim Arif ভাই, আপনার সাথে কথা বলার পর আপনি জিনিসটা বুঝে একটা পোস্ট দিলেন যে জিনিসটা অনিচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত না। আর আজকেই MD Riazul Islam ভাই পোস্ট করলেন এটা ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যাচারটা কেন রিয়াজুল ভাই করলেন?”
ঘটনার সূত্রপাত হয় জবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের পর। ওই অনুষ্ঠানের পরিত্যক্ত মঞ্চে শিবিরের ব্যানারে ব্যঙ্গাত্মক কাওয়ালী গান বানিয়ে তাকরিম ও তার সঙ্গীরা ফেসবুকে পোস্ট করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে জকসু নেতারাও প্রতিবাদ জানাতে শুরু করেন।
পরবর্তীতে সমালোচনার মুখে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে মো. রিয়াজুল ইসলাম তাকরিম ও তার সঙ্গীদের কর্মকাণ্ডকে ‘বিতর্কিত’, ‘ইচ্ছাকৃত’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করে নিন্দা ও প্রতিবাদ জানান। এর একদিন পরেই তাকরিম আহমেদের পক্ষ থেকে শিবিরের বিরুদ্ধে এই ‘মিথ্যাচারের’ অভিযোগ এলো।
রিপোর্টারের নাম 

























