দেশের সকল অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভিকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানিয়েছেন, গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুতই একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যে অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, বর্তমান সরকার তা দূর করতে বদ্ধপরিকর। এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মনীতির ঊর্ধ্বে থাকবে না, বরং সবকিছু চলবে আইন ও বিধির ওপর ভিত্তি করে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং কোনোভাবেই গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় না। কারণ, একটি কার্যকর গণতন্ত্রের বিকাশে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। তবে যারা শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে অপেশাদারভাবে অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদের অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। পেশাদারিত্ব বজায় না রাখলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ক্লাব পরিদর্শনের পর ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কর্মসূচি শেষে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
রিপোর্টারের নাম 





















