মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের একটি বড় চালান এবং একটি প্রাইভেটকার ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।
স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই দুপুরে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান এই চার পুলিশ কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে, জব্দ করা আলামত থানায় জমা না দিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বৈঠকে ১০ লাখ টাকার বিনিময়ে মাদক চালানটি ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে, বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনা জানাজানি হলে তদন্ত শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 



















