ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে চরম অবহেলা, অনিয়ম এবং অদক্ষতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী—দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট এই প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনকালে বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে। বিশেষ করে নবনির্মিত রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়া এবং কিছু জায়গা ধসে পড়ার মতো ত্রুটি পরিলক্ষিত হয়। কাজের এমন নিম্নমান দেখে স্থানীয় বাসিন্দারাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকার এই উন্নয়ন কাজগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ত্রুটি চিহ্নিত করেন। সরেজমিনে পাওয়া এসব অভিযোগ ও অনিয়মের সত্যতা পাওয়ার প্রেক্ষাপটেই ডিএনসিসি প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিল।
রিপোর্টারের নাম 





















