অমর একুশে বইমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ পর্বে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ তুলে দেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর এই বর্ণাঢ্য আয়োজনে তিনি এই সম্মাননা প্রদান করেন।
এ বছর সাহিত্যের বিভিন্ন শাখায় অনন্য অবদানের জন্য ৯ জন গুণী ব্যক্তিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। কবিতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন মোহন রায়হান এবং কথাসাহিত্যে নাসিমা আনিস। প্রবন্ধ ও গদ্য সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন সৈয়দ আজিজুল হক।
শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদ সাহিত্যে আলী আহমদ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। গবেষণায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। এছাড়া বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মঈদুল হাসানকে এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে।
পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত বিশিষ্টজনদের উদ্দেশে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















