দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক স্বস্তিদায়ক অগ্রগতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫.৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫.৩১ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
এই ধারাবাহিকতায়, গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তা ছিল ৩০.১০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়সমূহ বাদ দেওয়ার পর যে পরিমাণ অবশিষ্ট থাকে, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। রিজার্ভের এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত বহন করছে।
রিপোর্টারের নাম 


















