বর্তমান সময়ে কাজ, পড়াশোনা বা বিনোদন—সর্বক্ষেত্রে ল্যাপটপের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। সহজে বহনযোগ্য হওয়ায় অনেকেই ডেস্কটপ কম্পিউটারের পরিবর্তে ল্যাপটপ পছন্দ করেন। তবে, ল্যাপটপের কর্মক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এর সঠিক ব্যবহার ও যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস মেনে চললে আপনার ল্যাপটপ দীর্ঘদিন ভালো থাকবে।
প্রথমত, ল্যাপটপ সবসময় চার্জে লাগিয়ে রাখা উচিত নয়। দীর্ঘক্ষণ চার্জে রাখলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী চার্জ দিয়ে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখা উচিত।
দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় সফটওয়্যার, অ্যাপ এবং ফাইল নিয়মিত মুছে ফেলা প্রয়োজন। এগুলো কেবল স্টোরেজের জায়গা দখল করে না, ল্যাপটপের গতিও কমিয়ে দেয়। নিয়মিত পরিষ্কার রাখলে ডিভাইস দ্রুত ও কার্যকরভাবে কাজ করে।
তৃতীয়ত, অপারেটিং সিস্টেম এবং ইনস্টল করা সফটওয়্যার নিয়মিত আপডেট করা জরুরি। নতুন আপডেট কেবল নতুন সুবিধাই যোগ করে না, বরং নিরাপত্তা দুর্বলতা দূর করে এবং ডিভাইসের স্থিতিশীলতা বাড়ায়।
এছাড়াও, চার্জ দেওয়ার সময় ল্যাপটপ সর্বদা শক্ত ও সমতল জায়গায় রাখা উচিত। বিছানা বা নরম পৃষ্ঠে রাখলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে ডিভাইসের ক্ষতি হতে পারে। সবশেষে, অজানা ইউএসবি ডিভাইস বা অনিরাপদ চার্জিং কেবল ব্যবহারে সতর্ক থাকুন। এতে তথ্য চুরি বা ম্যালওয়্যারের ঝুঁকি তৈরি হতে পারে। ল্যাপটপ দিয়ে নিয়মিত মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংক চার্জ না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ এতে ল্যাপটপের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে এর কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রিপোর্টারের নাম 























