রাজধানীর নিউমার্কেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টার থেকে বিবি হালিমা (১১) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই কোয়ার্টারের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে তার দেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউমার্কেট থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গত ছয় মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল হালিমা। ওই ফ্ল্যাটের বাসিন্দা শরিফুল ইসলাম বিজিবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। তার স্ত্রী তুনা জিনা বিনতে মাহবুব পেশায় একজন চিকিৎসক। নিহত হালিমা কামরাঙ্গীরচরের ভান্ডারীর মোড় এলাকার মৃত শাহ আলমের মেয়ে।
ঘটনার বিস্তারিত জানিয়ে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ওই বাসার বাথরুমের দরজা ভেঙে হালিমার মরদেহ উদ্ধার করে। বাথরুমের ঝরনার পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ জানায়, ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। ফ্ল্যাটের মূল দরজা খোলা থাকলেও বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 






















