প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে তার নাম ও পদবি ব্যবহার করে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো কোনো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে তার অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তার কোনো সক্রিয় অ্যাকাউন্ট না থাকায় কেউ যদি তার নাম বা পদবি ব্যবহার করে কোনো ভুয়া আইডি পরিচালনা করে এবং সেখান থেকে কোনো অসংগতিপূর্ণ তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে তার জন্য তিনি দায়ী থাকবেন না। এ ধরনের জালিয়াতি বা অপতৎপরতা ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনসাধারণ ও গণমাধ্যমকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কেবল অফিশিয়াল বা দাপ্তরিক সূত্রের ওপর নির্ভর করাই শ্রেয়।
রিপোর্টারের নাম 






















