সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংস্থাটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নবগঠিত কমিশনের সফলতার প্রশংসা করেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি নির্বাচনের সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা রাষ্ট্রদূত কর্তৃক বিশেষভাবে সমাদৃত হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা ইতিবাচক ছিল। এই ধারাবাহিকতা বজায় রাখতে ইইউ আগামীতেও বাংলাদেশের নির্বাচন কমিশনের পাশে থাকবে। বিশেষ করে সামনে থাকা স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কারিগরি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
ইইউর পক্ষ থেকে জানানো হয়, দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনগুলোতেও তাদের এই সহযোগিতার ক্ষেত্র প্রসারিত থাকবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজর কেড়েছে।
রিপোর্টারের নাম 






















