অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখের চেয়ে আরও একদিন পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবারের মেলা। একই সঙ্গে মেলায় অংশ নেওয়ার বিষয়ে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন না রাখারও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত রবিবার রাতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজ্ম এবং সচিব ড. মো. সেলিম রেজাসহ প্রকাশনা সংস্থাগুলোর প্রতিনিধিরা।
বৈঠক শেষে জানানো হয়, সবার সম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলার বিন্যাসে বড় পরিবর্তন এনে কোনো প্যাভিলিয়ন না রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রকাশকদের সহযোগিতায় ইতিমধ্যে প্যাভিলিয়ন বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো সেগুলো সরিয়ে নিতে সম্মত হয়েছে। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারির এক সভায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।
এদিকে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মেলা থেকে দূরে সরে থাকা প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ শেষ পর্যন্ত মেলায় অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানায়।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, “আমরা মূলত পবিত্র ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সরকার আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং বেশ কিছু শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারের এই সহযোগিতামূলক মনোভাবের কারণেই আমরা এবারের মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনন্যা প্রকাশনীর মনিরুল হক, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ, শোভা প্রকাশনীর মিজান এবং লেখক আবু সালেহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলা সফল করতে এখন সব পক্ষ একযোগে কাজ করছে।
রিপোর্টারের নাম 
























