ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আল্লাহর নির্দেশ পালনের কোনো বিকল্প নেই। তাঁর বিধান মেনে চললেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, অন্যথায় তা অসম্ভব। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের প্রকাশিত বই অধ্যয়ন করে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যারা এখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধেও ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী এবং নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্মব্যবসা করতে চায়, তাদেরও কোনো স্থান দেওয়া হবে না।
সবার প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সকলের উচিত আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা। কোরআনকে বুঝতে হবে এবং আল্লাহ পাক কোরআনে কী বলেছেন, তা জানতে হবে। তা না জানলে আমরা কীভাবে তাঁর বিধান পালন করব?
ধর্মমন্ত্রী আরও বলেন, দেড় বছর আগে আমরা ভাবিনি যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো। এই সুযোগ আল্লাহ দিয়েছেন। জিয়াউর রহমান ও বেগম জিয়ার পুত্র তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। তাই তাঁর জন্য দোয়া করতে হবে। তাকে হেফাজত করলে বাংলাদেশও হেফাজত হবে।
তিনি মাসব্যাপী ইসলামী বইমেলা আয়োজনের জন্য আয়োজক, বই প্রকাশক, স্টল কর্তৃপক্ষ এবং ক্রেতা-বিক্রেতাদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে এই মেলা সফল ও সার্থক হবে। এরপর তিনি ফিতা কেটে মাসব্যাপী ইসলামী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম সচিব মো: কামাল উদ্দিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























