পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজার এলাকায় রাজনৈতিক সহিংসতায় বিএনপি’র পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও জাসাসের সভাপতিসহ পাঁচজন রয়েছেন, যাদের বর্তমানে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পত্তাশী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন— পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাসের সভাপতি জাহিদ হোসেন (৩৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পাঁচজনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ হোসেন অভিযোগ করেছেন যে, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান এবং ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ প্রায় ৮-১০ জন ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দেন। তাদের অভিযোগ, বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের ওপর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।
তবে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানিয়েছেন, মারামারির খবর তারা পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















