হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের অন্ধকারে আবাদি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মাটিভর্তি দুটি ট্রাক্টর আটক করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার মধ্যরাতে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এই কর্মকাণ্ডের খবর পেয়ে শনিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম আজমিরীগঞ্জ উপজেলাসংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় আকস্মিক অভিযান চালান।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটিভর্তি দুটি ট্রাক্টরসহ মারুফ রহমান (জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭-এর (ক) ধারা অনুযায়ী এই অপরাধের জন্য তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 












